প্রিন্ট তারিখ: ১৮ নভেম্বর, ২০২৬
Logo

বাস-মোটরসাইকেল সংঘর্ষে ইমামের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খালিদ মুসাব্বির নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে নাচোল-আমনুরা সড়কের হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম নিশ্চিত করেছেন।

নিহত খালিদ মুসাব্বির উপজেলার মাক্তাপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি স্থানীয় হাটবাকইল জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ জানায়, জুমার নামাজ পড়াতে মোটরসাইকেলে করে মসজিদের উদ্দেশে রওনা দেন খালিদ মুসাব্বির। পথিমধ্যে হামিদপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ওসি মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি স্থানীয়রা জব্দ করেছে। তবে চালক ও সহকারী পালিয়ে যায়। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা