প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গাজাগামী ফ্লোটিলায় হামলার প্রতিবাদে  জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৫

গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলি বাহিনীর হামলা ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আটক করার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (৩ অক্টোবর) বেলা ২টা ১৫ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়। এর আগে মসজিদের উত্তর পাদদেশে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত সমাবেশ।

বিক্ষোভ মিছিলে অংশ নেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনসহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় ও নগর নেতারা। এছাড়া প্রায় হাজারো মুসল্লিও মিছিলে যোগ দেন।

প্রসঙ্গত, গত ৩১ আগস্ট স্পেনের একটি বন্দর থেকে গাজায় রওনা দেয় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। কিন্তু গাজা উপকূলে পৌঁছানোর আগেই ইসরায়েলি নৌবাহিনী একটির ব্যতীত সবগুলো জাহাজ আটক করে এবং সেগুলোকে ক্রুসহ ইসরায়েলের বন্দরে নিয়ে যায়। মানবিক এই ত্রাণবহর আটকে দেওয়ার ঘটনায় বিশ্বজুড়ে চলছে তীব্র প্রতিবাদ। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার এ বিষয়ে কোনো গুরুত্ব দিচ্ছে না।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা