কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচে দুর্দান্ত বোলিং আর ঝিলিকের ঝলমলে ব্যাটিংয়ে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রতিপক্ষ ব্যাটারদের সামনে দাঁড়াতেই দেননি নাহিদা, রাবেয়াদের ঘূর্ণি। মাত্র ১২৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ১১৩ বল হাতে রেখে ৭ উইকেটের ব্যবধানে সহজ জয় নিশ্চিত করে টাইগ্রেসরা।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানি ব্যাটাররা ছিল চাপে। ইনিংসের প্রথম ওভারেই মারুফা আক্তারের আগুন ঝরা গতিতে সাজঘরে ফেরেন ওমাইমা সোহেল ও সিদরা আমিন—দুজনই শূন্য রানে আউট। এরপর মুনিবা আলি (১৭) ও রামিন শামিম (২৩) কিছুটা প্রতিরোধ গড়লেও নাহিদা আক্তার তাদের থামান। মাঝ ও নিচের সারির ব্যাটারদের মধ্যে কেবল ফাতিমা সানা (২২) আর ডায়ানা (১৬*) কিছুটা রান যোগ করতে পারেন। তবে শেষ পর্যন্ত ৩৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় মাত্র ১২৯ রান। বাংলাদেশের হয়ে স্বর্ণা সর্বোচ্চ ৩ উইকেট নেন, নাহিদা ও মারুফা দুটি করে উইকেট শিকার করেন।
ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেনার ফারজানা হক (২) দ্রুত বিদায় নেন। এরপর শারমিন আক্তার (১০) ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (২৩) আউট হলেও ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক দৃঢ়তায় দলকে এগিয়ে নেন। ওয়ানডে অভিষেকেই ৭৭ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলে ম্যাচ জয়ের নায়ক হয়ে ওঠেন এই তরুণ ওপেনার।
তার সঙ্গে সুবহানা মোস্তারি ২৪* রান করে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ৩১.১ ওভারে ৩ উইকেট হারিয়েই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।