জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশন শেষে নিউইয়র্ক থেকে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় বিএনপির পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করছিলেন।
তবে প্রেস ব্রিফিং চলাকালে এনসিপির কয়েকজন নেতা হঠাৎ উচ্চস্বরে স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় এনসিপির একাংশ উত্তেজিত হয়ে বেসরকারি টেলিভিশন স্টার নিউজের এক সিনিয়র সাংবাদিককে লাঞ্ছিত করে। এ ঘটনায় সাংবাদিকরা এনসিপির ব্রিফিং বয়কট করেন।
এর আগে বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টা ১০ মিনিটে নিউইয়র্ক ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ও সফরসঙ্গীরা। জন এফ কেনেডি বিমানবন্দরে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম প্রধান উপদেষ্টাকে বিদায় জানান।