প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তিন বিভাগে ভারী বৃষ্টি: সাত জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৫

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি সাতটি জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বুধবার (১ অক্টোবর) প্রকাশিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

 

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে চট্টগ্রাম, ফেনী, লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।

 

একই সঙ্গে জানানো হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে এবং ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ ২০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার রাত থেকে ভোর ৬টা পর্যন্ত ১৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এ সময়ের মধ্যে সর্বোচ্চ।

 

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী চার দিন ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। নগরবাসীকে জলাবদ্ধতা মোকাবিলায় সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা