সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হচ্ছে বৃহস্পতিবার (২ অক্টোবর)। এদিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ শারদোৎসব।
সকালে সারাদেশের বিভিন্ন পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে বিহিত পূজা। এরপর হবে দর্পণ বিসর্জন এবং প্রতিমা বিসর্জন। স্থানীয় আয়োজন অনুযায়ী দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শোভাযাত্রার মাধ্যমে দেবী দুর্গাকে বিদায় জানানো হবে।
হিন্দু শাস্ত্র মতে, বিজয়া দশমীতে দেবী দুর্গা কৈলাসে ফিরে যান। আর ভক্তদের বিশ্বাস, এদিন মানুষের অন্তরের কাম, ক্রোধ, হিংসা ও লোভ বিসর্জন দিয়ে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার বার্তা দেন মা দুর্গা।
দেবীর বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে নারী ভক্তদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে সিঁদুর খেলা। শাস্ত্র অনুযায়ী, স্বামীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় নারীরা দেবীর চরণ থেকে সিঁদুর নিয়ে নিজেদের সিঁথিতে ধারণ করেন এবং পরস্পরের মাঝে সিঁদুর বিনিময় করেন। এভাবেই পূজার শেষ দিনে ভক্তরা দেবীকে বিদায় জানান।