বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের হিন্দু ধর্মাবলম্বীদেরকে নিরাপদ ও নিশ্চিন্ত পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন। বুধবার (১ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে প্রকাশিত এক লিখিত বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
তারেক রহমান বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। তিনি সবার সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ আবহমানকাল ধরে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ ও ভ্রাতৃত্বের মধ্য দিয়ে যার যার ধর্ম পালন করে আসছে। এ ঐতিহ্য বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক সৌন্দর্যের বহিঃপ্রকাশ।
তারেক রহমান আরও বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। তাই উৎসবের মধ্য দিয়ে সম্প্রীতি ও বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।