প্রিন্ট তারিখ: ১৮ নভেম্বর, ২০২৬
Logo

মাগুরায় টিউবওয়েল চুরি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৫

মাগুরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন এবং প্রায় ৩০টির বেশি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল থেকে শুরু হওয়া এই সংঘর্ষ টানা বুধবার সকাল পর্যন্ত চলে। আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল এবং ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, রফিক মোল্লা (৪০) নামের এক ব্যক্তি বিদ্যালয়ের টিউবওয়েল খুলে ভাঙ্গারি ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। পরে মিন্টু মোল্লা (৬০) ওই ব্যবসায়ীর কাছ থেকে টিউবওয়েলটি উদ্ধার করেন। এ ঘটনায় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে দ্রুত সংঘর্ষে রূপ নেয়। দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও পাল্টা হামলার সময় বহু বাড়িঘর ও দোকান ভাঙচুরের ঘটনাও ঘটে।

বালিয়াডাঙ্গা এলাকার আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা জানান, টিউবওয়েল চুরি নিয়ে দীর্ঘদিনের আধিপত্য বিরোধ থেকে আহমেদ ফকির ও নবাব মৃধা গ্রুপের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, বিষয়টি শুধু টিউবওয়েল চুরি নয়, বরং সামাজিক আধিপত্যের জের ধরে সংঘর্ষ হয়েছে। এখনো কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা