আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হবে—এমন কোনো ইঙ্গিত নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশালে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোনো রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ হলে তা স্থায়ী নাকি অস্থায়ী হবে—এই প্রশ্ন ওঠে। তবে আওয়ামী লীগের ক্ষেত্রে আমি বর্তমানে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা দেখছি না।”
এদিন বরিশাল সার্কিট হাউজে পৌঁছে আসিফ নজরুল নগরীর নতুন বাজার এলাকার শংকর মঠে যান এবং পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎকারের প্রসঙ্গে তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
অশান্ত পাহাড় প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, “যারা পাহাড় অশান্ত করবে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।”
উল্লেখ্য, সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম জিটিও’তে ব্রিটিশ-মার্কিন সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। সেখানে বলা হয়েছিল, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা যেকোনো সময় উঠতে পারে। এ বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ইতোমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।