টাঙ্গাইলের মধুপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় আপন মিয়া (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী ফারজানা আক্তার আহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার রূপালী ফিলিং স্টেশন সংলগ্ন জামালপুর রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আপন মিয়া জামালপুরের সরিষাবাড়ি উপজেলার মূলবাড়ি এলাকার রবিউল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সিমেন্টবোঝাই কাভার্ডভ্যান মধুপুর থেকে জামালপুরগামী ছিল। পথিমধ্যে পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে চালক আপন মিয়া গাড়ির পেছনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার স্ত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করে।
মধুপুর থানার ওসি এমরানুল কবির জানান, নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।