রাজধানী থেকে দেশের দুই গুরুত্বপূর্ণ মহাসড়ক—ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দিনভর ভয়াবহ যানজটের কারণে চরম ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রী ও চালকদের। বুধবার (১ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া যানজট বিকেল পর্যন্ত অব্যাহত ছিল। মাত্র ২০ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লেগেছে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে আশারির চর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এবং ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর থেকে রূপগঞ্জ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল স্থবির হয়ে পড়ে। যাত্রীদের অভিযোগ, হাইওয়ে পুলিশের উপস্থিতি ও কার্যকর নিয়ন্ত্রণের অভাবে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
ব্যবসায়ী রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “সকাল ৯টা থেকে রাস্তায় আটকা পড়ে আছি, মাত্র ২০ কিলোমিটার যেতে লেগেছে ৬ ঘণ্টা। হাইওয়ে পুলিশ কার্যকরভাবে দায়িত্ব পালন করছে না।”
অন্যদিকে আফরোজা নামে এক যাত্রী বলেন, “ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে সকাল ১১টায় রওনা দিয়েছি, বিকেল ৩টা বাজলেও কাঁচপুর পার হতে পারিনি। ছোট গাড়ি, ট্রাক সব মিলে বিশাল জট তৈরি করেছে।”
হাইওয়ে পুলিশ জানায়, দুর্গাপূজার ছুটি, বৈরী আবহাওয়া এবং কয়েকটি বিকল গাড়ির কারণে এই দীর্ঘ যানজট তৈরি হয়। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে বলে দাবি তাদের।
তবে যাত্রীদের অভিযোগ, খাবার ও পানি শেষ হয়ে গেছে, শিশু ও বৃদ্ধ যাত্রীরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। চট্টগ্রামগামী যাত্রী সেলিম আহমেদ বলেন, “৫ ঘণ্টা ধরে বাসে বসে আছি, খাওয়ার কিছু নেই। হাইওয়ে পুলিশ কোথায় ছিল, কেউ জানে না।”
সড়কের পাশে থাকা দোকানপাট, হকার ও ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন। কাউন্টার মালিকরা মনে করেন, মহাসড়কে যথাযথ ট্রাফিক নিয়ন্ত্রণ ও সড়ক সম্প্রসারণ ছাড়া এই সংকট সমাধান সম্ভব নয়।