দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিনের ছুটি শুরু হয়েছে আজ বুধবার (১ অক্টোবর)। সাপ্তাহিক ছুটিসহ ৪ অক্টোবর পর্যন্ত এই দীর্ঘ ছুটিতে রাজধানী ছেড়ে যাচ্ছেন অনেকেই।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত থেকেই গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের ভিড় বাড়তে শুরু করে। টিকিট কাউন্টারগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়।
যাত্রীরা জানান, ঈদ ছাড়া সাধারণত এত বড় ছুটি পাওয়া যায় না। তাই কেউ ফিরে যাচ্ছেন গ্রামের বাড়িতে, কেউ যাচ্ছেন প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে। অনেকে আবার পরিবার নিয়ে ঘুরতে যাচ্ছেন দেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্রে।
বাস মালিক সমিতি জানিয়েছে, যাত্রী চাপ সামাল দিতে ইতোমধ্যে অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে। ফলে যাত্রীদের সুবিধার্থে নির্ধারিত সময়ের বাইরে বিশেষ সেবা দিচ্ছে পরিবহন কোম্পানিগুলো।