বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ বুধবার (১ অক্টোবর) মহানবমী উদযাপনের মধ্য দিয়ে বিদায়ের সুরে পৌঁছালো। নবমী তিথি থেকে দেবীর কৈলাশ গমনের প্রস্তুতি শুরু হয়েছে। বৃহস্পতিবার বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে বিদায় জানাবেন ভক্তরা।
নবমীতে সকালে দুর্গার মহাস্নান, ষোড়শ উপচারে পূজা এবং সন্ধ্যায় মহাআরতি অনুষ্ঠিত হয়। এদিন দেবীর চরণে নিবেদন করা হয় ১০৮টি নীলপদ্ম, পাশাপাশি চলে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ।
সন্ধিপূজা হয় অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমীর প্রথম ২৪ মিনিটে। মূলত দেবী চামুন্ডার আরাধনা করা হয় এই বিশেষ সময়ে। ভক্তরা ১০৮টি প্রদীপ জ্বালিয়ে এবং ১০৮টি পদ্মফুল নিবেদন করে দেবীর উদ্দেশ্যে প্রার্থনা জানান।
পুরোহিতদের মতে, মহানবমীতে নীলকণ্ঠ ও নীল অপরাজিতা ফুল ব্যবহার করে দেবীর পূজা হয়। এছাড়া ১০৮টি বেল পাতা, আম কাঠ, ঘি এবং বিভিন্ন উপাদানে যজ্ঞের মাধ্যমে দেবীর কাছে আহুতি প্রদান করা হয়।
নবমীর এই নিশি সনাতন ভক্তদের কাছে এক আবেগঘন মুহূর্ত। সারা বছরের অপেক্ষার অবসান ঘটালেও এই রাতেই বাজে বিদায়ের ঘণ্টা, তাই ভক্তরা প্রার্থনা করে বলেন—‘ওরে নবমী নিশি, না হইও রে অবসান’।