প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সম্পদের হিসাব না দেওয়ায় সাবেক এমপির স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫

মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আবদুস সোবহান মিয়া গোলাপের স্ত্রী গুলশান আরা মিয়ার বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদক জানায়, ২০২৫ সালের ১ জুলাই গুলশান আরা মিয়ার নামে সম্পদ বিবরণী জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়। তবে নির্ধারিত ও অতিরিক্ত সময়সীমার মধ্যেও তিনি সম্পদের হিসাব দাখিল করেননি। এ কারণে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় তার বিরুদ্ধে মামলা অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের ১৯ মার্চ আবদুস সোবহান মিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নয়টি ফ্ল্যাট ও বাড়ি ক্রয়সহ ৬৮ কোটি ৭৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে দুদক।

২০২৩ সালের জুন মাসে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়। ওই বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট (OCCRP) এক প্রতিবেদনে জানায়, আবদুস সোবহান মিয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রায় ৪০ লাখ ডলার ব্যয়ে একাধিক বাড়ি ক্রয় করেছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আশির দশকে যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি অল্প বেতনের কাজ করতেন— যেমন পিৎজা বানানো, ফার্মেসিতে কাজ ও লাইসেন্স ছাড়া ট্যাক্সি চালানো। ওইসব আয়ে এত বিপুল সম্পত্তি কেনা সম্ভব নয়। ফলে বাংলাদেশ থেকে অর্থ পাচারের প্রশ্ন উঠে আসে।

উল্লেখ্য, আবদুস সোবহান মিয়া ২০১৮ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের মনোনয়নে মাদারীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা