প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তারাকান্দায় বৃদ্ধ ফকিরের দাড়ি-চুল কেটে হেনস্তা, এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫

ময়মনসিংহের তারাকান্দায় বৃদ্ধ হালিম উদ্দিন আকন্দ ফকিরের দাড়ি ও চুল কেটে হেনস্তার ঘটনায় মজনু মিয়া (৪৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ শহর থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মজনু মিয়া উপজেলার কাশিগঞ্জ এলাকার মৃত রজব তালুকদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি টিপু সুলতান)। তিনি জানান, গ্রেপ্তার মজনু মিয়া মামলার এজাহারভুক্ত আসামি।

এর আগে শনিবার বিকেল পৌনে ৩টার দিকে ভুক্তভোগীর ছেলে মো. শহীদ আকন্দ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

বৃদ্ধ হালিম উদ্দিন আকন্দ জানান, বাজারে গেলে তাকে ধরে জোর করে চুল ও দাড়ি কেটে দেওয়া হয়। তিনি বলেন, “আমি চেষ্টা করেও তাদের হাত থেকে রেহাই পাইনি। তখন আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি, এখনও আল্লাহর কাছে বিচার চাই।”

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, চুল ও দাড়ি কাটার সময় প্রায় ৮-৯ জন লোক উপস্থিত ছিল। তাদের মধ্যে স্থানীয় নয়ন ও মজনুও ছিল। তারা এখনও এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং ভয়ভীতি দেখাচ্ছে বলে জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, হালিম উদ্দিনের বাড়ি কোদালিয়া গ্রামে। গত ৩৭ বছর ধরে তিনি দাড়ি-চুল না কেটে ফকিরি বেশে চলাফেরা করছিলেন। হজরত শাহজালাল (র.) ও শাহ পরান (র.)–এর ভক্ত হিসেবে এলাকায় তিনি হালিম ফকির নামে পরিচিত। টুকটাক কবিরাজি করলেও তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না।

এলাকাবাসীর ভাষ্য, চুল-দাড়ি কেটে দেওয়ার পর থেকেই হালিম উদ্দিন মানসিকভাবে ভেঙে পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার হেনস্তার ভিডিও ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। বিশেষ করে ঘটনার সময় বৃদ্ধের মুখ থেকে বের হওয়া “আল্লাহ, তুই দেহিস” বাক্যটি অনলাইনে প্রতিবাদের স্লোগানে পরিণত হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা