বাংলাদেশ ও তুরস্ক যৌথভাবে আগামী বছরের শুরুর দিকে ইসলামে নারীর অধিকার বিষয়ক একটি বৈশ্বিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এ সম্মেলনে বিশ্বের শীর্ষস্থানীয় মুসলিম আলেম ও গবেষকরা অংশ নেবেন। তারা নারীর অধিকার ও অগ্রগতিতে সফল দেশগুলোর অভিজ্ঞতা তুলে ধরবেন।
এর আগে সোমবার নিউইয়র্কে বাংলাদেশের মহিলা ও শিশু এবং সমাজকল্যাণবিষয়ক উপদেষ্টা শারমিন মুরশিদ ও তুরস্কের সমাজকল্যাণমন্ত্রী মাহিনুর ওজদেমির গোকতা-এর মধ্যে বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে সাংস্কৃতিক ও প্রযুক্তিগত বিনিময় জোরদার করার পাশাপাশি সেবামূলক অর্থনীতি ও সামাজিক খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয় দুই দেশ।
শারমিন মুরশিদ জানান, তুরস্ক স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের জন্য দক্ষ নারী পরিচর্যাকর্মী গড়ে তুলতে প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হাতে নেবে।
উল্লেখ্য, বাংলাদেশ ও তুরস্ক উভয় দেশই নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদ (সিডও) অনুমোদন করেছে। বৈঠকে মুসলিম সমাজে নারীর অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সাফল্য বিনিময়ের ব্যাপারেও তারা একমত হন।