বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কার্যক্রমের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তিনি এই আশ্বাস দেন। বৈঠকে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, মুখ্যসচিব সিরাজ উদ্দিন মিয়া এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ।
বৈঠকে আলোচনার বিষয় ছিল রাজনৈতিক সংস্কার, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ীদের জবাবদিহি, বৈশ্বিক বাণিজ্যে সুরক্ষামূলক শুল্কনীতি এবং আসন্ন আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন।
অধ্যাপক ইউনূস জানান, অন্তর্বর্তী সরকার অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে সংস্কারমুখী পদক্ষেপ নিয়েছে। তিনি জাতিসংঘের সহযোগিতা কামনা করেন এবং অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত সরকার পাচারকৃত সম্পদের মাধ্যমে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।
জবাবে গুতেরেস বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘের সমর্থন অব্যাহত থাকবে। তিনি রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানেও জাতিসংঘের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
অধ্যাপক ইউনূস আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন আয়োজনের জন্য মহাসচিবকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই সম্মেলন রোহিঙ্গা সংকটকে বৈশ্বিক অগ্রাধিকার তালিকায় রাখবে এবং শরণার্থী শিবিরে জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে সহায়তা করবে।