প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ মহাঅষ্টমী: হবে কুমারী পূজা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার অষ্টমী আজ উদযাপিত হচ্ছে। এই দিনে সবচেয়ে বড় আকর্ষণ ‘কুমারী পূজা’, যেখানে অবিবাহিত কন্যাশিশুকে দেবীর প্রতীক জ্ঞান করে পূজা করা হয়।

 

প্রতি বছরের মতো রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠে আজও হাজারো ভক্তদের উপস্থিতিতে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমারী পূজা সম্পন্ন হচ্ছে। রামকৃষ্ণ মিশনের সূত্র অনুযায়ী, এ বছর কুমারী পূজা শুরু হবে সকাল ১১টায় এবং শেষ হবে দুপুর ১টায়। এর আগে সকাল ৬টা ১০ মিনিটে মহাষ্টমী পূজা, সকাল ১০টা ৩০ মিনিটে পুষ্পাঞ্জলি এবং দুপুর ১২টায় মধ্যাহ্ন প্রসাদ অনুষ্ঠিত হবে। সন্ধিপূজা হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে এবং সমাপন হবে সন্ধ্যা ৭টা ১ মিনিটে।

 

হিন্দু শাস্ত্র অনুসারে, এক থেকে ১৬ বছর বয়সী অবিবাহিত কুমারী মেয়েকে দেবীজ্ঞানে পূজা করা হয়। শ্রী রামকৃষ্ণের বাণী অনুসারে, শুদ্ধাত্মা কুমারীতে দেবীর রূপ সর্বাধিক প্রকাশ পায় এবং মাতৃরূপ উপলব্ধির মাধ্যমেই কুমারী পূজার উদ্দেশ্য পূর্ণ হয়।

 

রামকৃষ্ণ মিশনের সহকারী সম্পাদক উত্তম মহারাজ বলেন, “কুমারী পূজা নারীকে মাতৃশক্তির প্রতীক হিসেবে শ্রদ্ধা জানানোর একটি আচার। প্রতি বছর মহাঅষ্টমীর দিন আমরা এই পূজা আয়োজন করি। কারণ প্রতিটি নারীর মধ্যেই দেবীশক্তি বিরাজমান—এই পূজার মাধ্যমে সেই শক্তিকেই সম্মান জানানো হয়।”

 

তিনি আরও জানান, ভক্তদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, র‍্যাব, আনসারসহ নিরাপত্তা বাহিনীর বিশেষ ব্যবস্থা রয়েছে। ফায়ার সার্ভিসের একটি টিমও প্রস্তুত রাখা হয়েছে। সার্বিকভাবে এবারের কুমারী পূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে তারা আশা করছেন।

 

শাস্ত্রীয় কাহিনি অনুযায়ী, কুমারী পূজার সূচনা হয় কোলাসুরকে বধ করার মাধ্যমে। দেবগণের প্রার্থনায় দেবী মানবকন্যারূপে জন্ম নিয়ে কোলাসুরকে বধ করেন। এরপর থেকেই দুর্গাপূজার মহাঅষ্টমীতে কুমারী পূজার প্রচলন শুরু হয়।

 

ধর্মীয় গ্রন্থে বলা আছে, জাতি, ধর্ম বা বর্ণভেদ ছাড়াই যেকোনো কুমারীকে দেবীজ্ঞানে পূজা করা যায়। সাধারণত এক থেকে ১৬ বছরের কুমারীদের পূজা করা হয়। বয়স অনুযায়ী কুমারীদের বিভিন্ন নামে ডাকা হয়—যেমন এক বছরের কন্যা ‘সন্ধ্যা’, দুই বছরের ‘সরস্বতী’, তিন বছরের ‘ত্রিধামূর্তি’, চার বছরের ‘কালীকা’, পাঁচ বছরের ‘সুভগা’, ছয় বছরের ‘উমা’, সাত বছরের ‘মালিনী’, আট বছরের ‘কুব্জিকা’, নয় বছরের ‘কালসন্দর্ভা’, দশ বছরের ‘অপরাজিতা’ ইত্যাদি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা