গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন নুরকে ফোন করে তিনি তার শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, নুরের সঙ্গে আলাপ শেষে তারেক রহমান তার দ্রুত আরোগ্য কামনা করেন।
এর আগে ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুরুল হক নুর ও রাশেদ খানও গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টানা ১৮ দিন চিকিৎসার পর তিনি বাসায় ফেরেন। উন্নত চিকিৎসার জন্য গত ২২ সেপ্টেম্বর তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়।