প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ধর্মীয় সম্প্রীতি ও বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান এনসিপি নেতা সারজিস আলমের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশকে এমন একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে যেখানে থাকবে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য। প্রত্যেকে নিজ নিজ ধর্মাচারে স্বাধীন হলেও অন্য ধর্মের প্রতি সম্মান দেখানো অপরিহার্য। পারস্পরিক সম্পর্ক যত দৃঢ় হবে, দেশ ততই নিরাপদ ও শক্তিশালী হয়ে উঠবে।

 

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি স্থানীয় দুর্গামন্দিরগুলোতে আর্থিক সহায়তাও প্রদান করেন।

 

সারজিস আলম বলেন, “আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইবোনেরা তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উদযাপন করছেন। তাদের খোঁজখবর নেওয়া, শুভেচ্ছা জানানো এবং যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য কাজ করা আমাদের দায়িত্ব। আমরা চাই বৈষম্যহীন সমাজ তৈরি হোক যেখানে কেউ প্রাপ্য থেকে বঞ্চিত হবে না।”

 

তিনি আরও জানান, অনেক এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের স্থায়ী মন্দির নেই বা অস্থায়ীভাবে পূজা হয়। এনসিপি ছোট পরিসরে হলেও সহযোগিতার হাত বাড়িয়েছে এবং ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ নেবে।

 

তার মতে, উদার মানসিকতা নিয়ে এগোতে পারলে শুধু পঞ্চগড় নয়, গোটা বাংলাদেশ প্রত্যাশার চেয়েও দ্রুত এগিয়ে যাবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা