প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

খাগড়াছড়িতে অস্থিতিশীলতার চেষ্টা ব্যর্থ করতে সর্বাত্মক ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫

পার্বত্য অঞ্চলে সাম্প্রতিক অস্থিরতা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, প্রতিবেশী দেশ ও কিছু মহলের ইন্ধনে খাগড়াছড়িতে অশান্ত পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। তবে সরকার এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রমনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচটি থানার প্রশাসনিক কাম-ব্যারাক ভবনের নির্মাণকাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “খাগড়াছড়িতে একটি মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। বর্তমানে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা চলছে। আমরা চাই এই উৎসব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক। কিন্তু কিছু মহল তা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।”

অস্ত্র ও অর্থ সহায়তা পার্শ্ববর্তী দেশ থেকে আসছে—এমন তথ্য প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “কিছু সন্ত্রাসী পাহাড়ের উপর থেকে ফায়ার করছে। অনেক অস্ত্র বাইরে থেকে আসছে। আমরা চাই না কেউ পাহাড়ে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করুক। এজন্য সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং সড়ক অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ যেন না বাড়ে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

এ সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা