বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরায় দলীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ভুটান দূতাবাসের কাউন্সিলর জিগড্রেল ওয়াই শেরিং।
বৈঠকে বাংলাদেশ ও ভুটানের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ভবিষ্যতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, অর্থনীতি ও উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয়পক্ষই আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমীরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসানও উপস্থিত ছিলেন।