প্রবল ঘূর্ণিঝড় রাগাসার ধাক্কা সামলানোর আগেই ফিলিপাইনে আঘাত হেনেছে মৌসুমি ঝড় ‘বুয়ালোই’। এই ঝড়ে দেশটির বিভিন্ন অঞ্চলে অন্তত ২৬ জন নিহত, ৩৩ জন আহত এবং ১৪ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার এক বিবৃতিতে ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানায়, বিকোল প্রশাসনিক অঞ্চল, কাগায়ান উপত্যকা, কর্ডিল্লেরা প্রশাসনিক অঞ্চল, ল্যুজোন এবং ভিসায়াস প্রদেশের পূর্ব ও মধ্যাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের মধ্যে বিকোল থেকে ৯ জন, কাগায়ান থেকে ৮ জন, কর্ডিল্লেরা থেকে ৪ জন, ল্যুজোন থেকে ২ জন এবং ভিসায়াস থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসের কারণে এসব প্রাণহানি ঘটে।
শুক্রবার থেকেই বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়, যা শনিবার ঝড়ে রূপ নেয়। এরই মধ্যে প্রায় ৭ লাখ ৩৮ হাজারের বেশি পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। এখনও ২ হাজার ৬৮০টি আশ্রয়কেন্দ্রে প্রায় ১ লাখ ৬৩ হাজার মানুষ অবস্থান করছেন।
সরকারি তথ্য অনুযায়ী, ঝড়ে প্রায় ৮ হাজার ৯১৬টি ঘরবাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য ইতোমধ্যেই স্থানীয় সরকার ও জাতীয় সংস্থার পক্ষ থেকে ত্রাণ ও নগদ সহায়তা দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত প্রায় ১ লাখ ৪৯ হাজার পরিবার সাহায্য পেয়েছে।
উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে আঘাত হানা সুপার টাইফুন ‘রাগাসা’য় ফিলিপাইন ও প্রতিবেশী ভিয়েতনামে অন্তত ২০ জন নিহত হয়েছিলেন।