প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনে পুলিশের বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫

শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য পূজারীদের উদ্দেশে নির্দিষ্ট নিরাপত্তা নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ।

পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত যেকোনো ঘটনার বিষয়ে উত্তেজিত না হয়ে প্রথমে সত্যতা যাচাই করতে হবে। অনেক ক্ষেত্রেই এসব তথ্য গুজব বলে প্রমাণিত হয়।

পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, পূজামণ্ডপে আগত নারী-পুরুষের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থান পথ রাখতে হবে। পূজামণ্ডপে ব্যাগ বা থলে নিয়ে প্রবেশ না করতে অনুরোধ করা হয়েছে। এছাড়া প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা, অগ্নিনির্বাপণ যন্ত্র, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ স্থানে আর্চওয়ে গেইট স্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে।

নিরাপত্তায় স্বেচ্ছাসেবক নিয়োগের পাশাপাশি তাঁদের আলাদা পোশাক, পরিচয়পত্র ও আর্মব্যান্ড ব্যবহার করতে বলা হয়েছে। পূজা চলাকালে আতশবাজি ও পটকা ফুটানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপরও গুরুত্ব দিয়েছে পুলিশ। প্রতিমা বিসর্জনের সময় নির্ধারিত রুট মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

সহায়তার জন্য পুলিশ সদর দপ্তর, ডিএমপি, র‌্যাব, ফায়ার সার্ভিস ও ঢাকেশ্বরী মন্দিরের কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য একাধিক নম্বর দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় থানার ওসি বা জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট থেকে নম্বর সংগ্রহ করা যাবে। যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় সেবা নম্বর ৯৯৯-এ কল করতে বলা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা