বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দেওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আগামীকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময়ে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার (১ অক্টোবর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। ২ ও ৩ অক্টোবরও সারাদেশের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে, যার মধ্যে কিছু এলাকায় অতি ভারী বৃষ্টিও হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনের শেষের দিকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।