বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো পরিবর্তনের প্রক্রিয়া চলছে। দলীয় সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে দলের নতুন লোগো। নতুন ডিজাইনে মূল প্রতীক দাঁড়িপাল্লা রাখা হলেও সেটি জাতীয় পতাকার আদলে সাজানো হতে পারে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানেই জাতীয় পতাকার আদলে একটি নতুন লোগো দেখা গেলে বিষয়টি আলোচনায় আসে।
এ বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, “আমিরের নির্দেশনায় কয়েকটি ডিজাইন তৈরি করা হয়েছে। তবে কোন লোগোটি অফিসিয়ালি ব্যবহার হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। আজকের ছবিতে যেটি এসেছে, তা চূড়ান্ত নয়। শিগগিরই আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।”
তিনি আরও জানান, আগের লোগো কখনো দলীয়ভাবে অফিসিয়ালি ব্যবহার করা হয়নি। মূলত বিভিন্ন গণমাধ্যমে সেটি ব্যবহৃত হয়ে আসছিল।