খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতিকারীদের হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন মেজরসহ ১৩ সেনা সদস্য এবং গুইমারা থানার ওসিসহ তিনজন পুলিশ কর্মকর্তা। রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয় এবং বলা হয়, ঘটনাটির দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।
এছাড়া স্থানীয়দের শান্ত থাকার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।