প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নরসিংদীতে ডাক্তার–নার্সদের লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি :
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫

নরসিংদীর বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা চলাকালে ঘটতে থাকা অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে হাসপাতাল ভাঙচুর ও ডাক্তার–নার্স–কর্মচারীদের শারীরিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

 

আজ রবিববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে নরসিংদী জেলা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন এই মানববন্ধনের আয়োজন করে।

 

কোর্ট রোড থেকে পুলিশ সুপার কার্যালয় পর্যন্ত আয়োজিত মানববন্ধনে জেলার সাড়ে ৩ শতাধিক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, কর্মকর্তা ও কর্মচারীসহ প্রায় ৩ হাজার মানুষ অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা জানান, গত এক বছরে ভুল চিকিৎসার অজুহাতে অন্তত অর্ধশত হাসপাতালে হামলা, ভাঙচুর ও চিকিৎসক–নার্সদের হয়রানির ঘটনা ঘটেছে।

এই পরিস্থিতি থেকে উত্তরণে তারা ৫ দফা দাবি উত্থাপন করেন—

১. স্বাস্থ্যসেবায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করা,

২. চিকিৎসক ও কর্মীদের নিরাপত্তা প্রদান,

৩. ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা,

৪. হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা,

৫. তথ্যনির্ভর সংবাদ প্রচার করা।

 

পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন বরাবর দাবিনামা জমা দেন সংগঠনের নেতারা। তারা হুঁশিয়ারি দেন, ভবিষ্যতে এমন হামলা–ভাঙচুর অব্যাহত থাকলে নরসিংদীসহ সারাদেশে চিকিৎসাসেবা বন্ধ করার কর্মসূচি দেওয়া হবে।

 

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সনেট মোহাম্মদ নোমান বলেন, “চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের সেবা দিতে আন্তরিকভাবে চেষ্টা করেন। তবুও মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সঠিক তদন্ত ছাড়া ভুল তথ্য ছড়িয়ে হাসপাতালে হামলা ও লাঞ্ছনার ঘটনা ঘটে থাকে। আমরা চাই এসব ঘটনা আর যেন না হয়।”

 

সভাপতি ডা. এহতেশামুল হকের সভাপতিত্বে মানববন্ধনে জেলার ৬ উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের মালিকরাও বক্তব্য রাখেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা