প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মালয়েশিয়া যাত্রা স্থগিত হওয়ায় কর্মীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীর কারওয়ান বাজারে আবারও সড়ক অবরোধ ও মহাসমাবেশ করেছে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে সার্ক ফোয়ারা এলাকায় জড়ো হয়ে তারা আন্দোলন শুরু করলে আশপাশের সড়কে যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

বিক্ষোভকারীরা জানান, তারা সেই ১৭ হাজার শ্রমিকের অন্তর্ভুক্ত, যাদের ২০২৪ সালের ৩১ মে’র মধ্যে মালয়েশিয়া যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত যাত্রা সম্ভব হয়নি।

অংশগ্রহণকারী এক শ্রমিক বলেন, “আমাদের মে মাসের মধ্যে যাওয়ার কথা ছিল। কিন্তু এখনো যেতে পারিনি। ইতোমধ্যেই ৫-৬ লাখ টাকা খরচ হয়েছে, যার বেশিরভাগই ঋণ।”

বিক্ষোভে নেতৃত্ব দেওয়া মাইন উদ্দিন বাবু অভিযোগ করেন, “সরকার আশ্বাস দিলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

কর্মীরা পাঁচ দফা দাবি তুলে ধরেন—
১. যাদের ই-ভিসা ৩১ মে’র আগে ইস্যু হলেও বিএমইটির ছাড়পত্র পাননি, তাদের দ্রুত মালয়েশিয়া পাঠাতে হবে।
২. নতুন সাক্ষাৎকার থাকুক বা না থাকুক, কোনো শ্রমিককে প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না।
৩. দ্রুত নির্দিষ্ট তারিখ ঘোষণা করে লিখিতভাবে স্মারকলিপি দিতে হবে।
৪. প্রধান উপদেষ্টা ও প্রবাসীকল্যাণ উপদেষ্টার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেই স্মারকলিপি জমা দিতে হবে।
৫. নির্ধারিত সময়সীমার মধ্যে প্রেরণ সম্ভব না হলে বিকল্প কর্মসংস্থান ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা