প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

খাগড়াছড়িতে থমথমে অবস্থা : ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫

খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় কয়েকদিন ধরে টানটান উত্তেজনা বিরাজ করছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ এলাকা, মহাজন পাড়া, নারিকেল বাগান, চেঙ্গী স্কোয়ার ও শহীদ কাদের সড়কে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও ফাঁকা গুলি নিক্ষেপ করে।

এ সময় স্বনির্ভর ও নারিকেল বাগান এলাকায় কয়েকটি দোকানে হামলার খবর পাওয়া গেছে। সহিংসতায় অন্তত ২৫ জন আহত হন, তাদের মধ্যে গুরুতর একজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। রাতে বৌদ্ধবিহারে নাশকতার প্রস্তুতিকালে তিন পাহাড়ি যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেখানে সেনাবাহিনী, ৭ প্লাটুন বিজিবি, এপিবিএন ও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ঘটনার কারণে সাজেক ভ্রমণে যাওয়া প্রায় দুই হাজার পর্যটক আটকা পড়েন, তবে পরে নিরাপত্তা দিয়ে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় শয়ন শীল (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় সংগঠনগুলোর পক্ষ থেকে অবরোধ ও আন্দোলন চলছে।

পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা