প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামায়াত লাইমলাইটে, তবে ভোটে জয়ের সম্ভাবনা নেই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫

৫ আগস্ট শেখ হাসিনার বিদায়ের পর রাজনৈতিক অঙ্গনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। নির্বাচনপদ্ধতি, সংস্কার আর জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থানের বিপরীতে অবস্থান নিয়ে দলটি দীর্ঘদিনের সহযাত্রী থেকে এখন প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে।

 

শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামায়াত এখন আলোচনার কেন্দ্রে থাকলেও জনমনে তাদের প্রভাব সীমিত। “আমি নিজে মাঠের রাজনীতি করি, বুঝতে পারি—খুব বেশি প্রভাব নেই,” মন্তব্য করেন তিনি।

 

বিএনপি মহাসচিব জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত হওয়ায় এবং জাতীয় পার্টিও একই পরিস্থিতিতে থাকায় জামায়াত আপাতত সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে সংগঠিত ও অর্থবহুল দল হয়েও তারা ভোটের মাধ্যমে সহজে জয়ী হতে পারবে না।

 

তার ভাষায়, “জামায়াত সংগঠিত ও রেডিমেন্টেড দল, যথেষ্ট ফান্ডও আছে—এটা তাদের প্লাস পয়েন্ট। কিন্তু জনগণের কাছে গিয়ে পূর্ণ বিজয় অর্জন সম্ভব নয়।”

 

মির্জা ফখরুল আরও বলেন, বিশ্বব্যাপী দক্ষিণমুখী রাজনীতির উত্থানের যে ধারা চলছে, বাংলাদেশও তা থেকে বিচ্ছিন্ন নয়। কিন্তু এই প্রবণতা ভোটের মাঠে সফল হবে বলে তিনি মনে করেন না।

 

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সময়মতো দেশে ফিরবেন বলেও জানান বিএনপির মহাসচিব।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা