প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লালমনিরহাটে বৈষম্যবিরোধী আন্দোলনের চার শতাধিক শিক্ষার্থীর ছাত্রদলে যোগদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় চার শতাধিক শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনের (পুরাতন ভবন) এক অনুষ্ঠানে এ যোগদান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি নতুন যোগদানকারীদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন।

বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার চালিকাশক্তি। বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ছাত্রসমাজের অবদান অপরিসীম। তোমাদের এই যোগদান প্রমাণ করে তরুণ প্রজন্ম গণতন্ত্র ও ন্যায়ের আন্দোলনে শামিল হতে প্রস্তুত। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।”

তিনি আরও বলেন, “দেশে গণতন্ত্র আজ ভয়াবহ সংকটে। শিক্ষার্থীদের উপর অন্যায় ও দমন-নীতি চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু ইতিহাস সাক্ষী, ছাত্রসমাজ কখনও অন্যায়ের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।”

দুলু যোগ করেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়, বরং এটি মেধাবী ও আদর্শবান তরুণদের একটি প্ল্যাটফর্ম। আজকের এই যোগদান প্রমাণ করছে যে তরুণ প্রজন্ম পরিবর্তনের নেতৃত্ব দিতে চায়।”

ছাত্রদলে যোগদানকারী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সালওয়া হাবিব ধ্রুব, আজমাইল সাদিক রূপক, মাইনুল ইসলাম, সায়েম আদনান, মাহিয়ান দ্বীন ও কামরুজ্জামান সুমন।

নতুন যোগদানকারীরা জানান, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে ছাত্রদলের সাথে যুক্ত হয়ে তারা অনুপ্রাণিত বোধ করছেন এবং সামনে আরও সাহসী ভূমিকা রাখতে পারবেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ ছাদেকুল ইসলাম পাভেল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খাঁনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা