প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আল্লাহর উপর আস্থা হারানো যাবে না: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, “আমরা যেন কখনো ভুলে না যাই, একটি ফুলে বসন্ত আসে না। বসন্ত মানে বাগানের প্রতিটি গাছে ফুল ফোটে। তাই আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা অটুট রাখতে হবে। যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমতায় বসান, আবার তিনিই ইচ্ছা করলে ক্ষমতাচ্যুত করেন।”

শনিবার (২৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) কুরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজিত প্রথম রিইউনিয়ন ২০২৫–এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পাওয়া সত্যিই সৌভাগ্যের। এখানে আছেন গুণী শিক্ষকেরা, যাদের সান্নিধ্যে শিক্ষার্থীরা জ্ঞান ও চরিত্র গঠনের বিশেষ সুযোগ পাচ্ছে। ইসলামী স্টাডিজ ও ইসলামের ইতিহাস নিয়ে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে। তবে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ভবিষ্যতে আর কোনো ষড়যন্ত্র সফল হবে না।”

ড. খালিদ হোসেন বলেন, “বিবাদ ও বিভাজন আমাদের পিছিয়ে দেয়। ছোট মানসিকতায় বড় কাজ সম্ভব নয়। কর্ণফুলী নদীকে যদি কেউ শেষ মনে করে, তাহলে বঙ্গোপসাগরকে কখনো দেখা যাবে না। আমাদের এমন নেতৃত্ব প্রয়োজন, যিনি ঈমান রক্ষা করে ইসলামী মূল্যবোধে সমাজকে এগিয়ে নিতে পারবেন। দীর্ঘদিন পর এক ব্যানারের নিচে এক হওয়ার সুযোগ এসেছে, এই মুহূর্ত হারালে ভবিষ্যৎ ইতিহাস কঠিন হয়ে যাবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. আবু বকর রফিক, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর আহসানুল্লাহ ভুঁইয়া ও বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান।

সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, “কুরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ শুধু জ্ঞানচর্চার কেন্দ্র নয়, এটি ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও মানবতার আদর্শ প্রচারের উজ্জ্বল মাধ্যম। এ ধরনের অ্যালামনাই রিইউনিয়ন প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ জোরদার করে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। আধুনিক জ্ঞান ও ইসলামী শিক্ষার সমন্বয়ে মানবকল্যাণমুখী সমাজ গঠনই আমাদের লক্ষ্য।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা