প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

স্ত্রী’র উপর অভিমান করে সাংবাদিকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৫

জামালপুরে মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ওসমান হারুনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ইসলামপুর ফাজিল মাদরাসার পাশের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, স্ত্রী’র উপর অভিমান করে সাংবাদিক ওসমান হারুনী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। কিছুদিন আগে তার কিডনি নালীর অস্ত্রোপচার হয়েছিল। এরপর থেকে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং চিকিৎসাধীন ছিলেন। শনিবার দুপুরে তাকে ঘরে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে গিয়ে অন্য কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

সাংবাদিক ওসমান হারুনী ওই এলাকার মোতালেব মওলানার ছেলে। তিনি মোহনা টিভির জেলা প্রতিনিধি ছাড়াও খোলা কাগজের ইসলামপুর উপজেলা প্রতিনিধি, জামালপুর জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এবং সাপ্তাহিক জামালপুর সংবাদ–এর সম্পাদক ও প্রকাশক ছিলেন। স্ত্রী ও দুই ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. স. ম. আতিকুর রহমান বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তার মৃত্যুতে সহকর্মী সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন। জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী বলেন, “তিনি দীর্ঘদিন সাংবাদিকতায় যুক্ত ছিলেন। তার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।” ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন বলেন, “আমরা একজন নিবেদিতপ্রাণ সাংবাদিককে হারালাম।”

এ ছাড়া জামায়াতে ইসলামীর ইসলামপুর উপজেলা আমির রাশেদুজ্জামান রাশেদ শোকবার্তায় বলেন, “সাংবাদিক ওসমান হারুনীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন সৎ ও নিষ্ঠাবান সংবাদকর্মী। আল্লাহ তাঁকে জান্নাত দান করুন এবং পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দিন।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা