শারদীয় দুর্গাপূজার সূচনার অন্যতম আচার বোধন আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দক্ষিণায়নের নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙাতে সায়ংকালে মণ্ডপ ও মন্দিরে বন্দনাপূজা সম্পন্ন হবে।
আগামীকাল রোববার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। এরপর সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী ও কুমারীপূজা, বুধবার মহানবমী শেষে বৃহস্পতিবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে পাঁচ দিনের এই ধর্মীয় উৎসব।
বোধন শব্দের অর্থ জাগরণ বা চৈতন্যপ্রাপ্তি। শরৎকালের দুর্গোৎসবে এই বোধন অপরিহার্য। পুরাণ মতে, ভগবান রামচন্দ্র রাবণ বধের আগে শরৎকালে দুর্গাপূজা করেছিলেন, যেটি অকালবোধন নামেও পরিচিত।
এবার দেবী দুর্গা গজে (হাতি) চড়ে পৃথিবীতে আসবেন, যা ফলপ্রসূতার প্রতীক। তবে দেবীর বিদায় হবে দোলায় (পালকি) চড়ে, যার ফল মড়ক, অর্থাৎ রোগ-বালাই ও দুর্যোগের আশঙ্কা বাড়বে।
এদিকে শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক সংবাদ সম্মেলনে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও পূজা উদযাপন পরিষদ এবারের দুর্গোৎসবের প্রস্তুতি তুলে ধরে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা আয়োজনের জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করা হয়েছে।