প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

টঙ্গীর অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মকর্তা নাঈমের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারালেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৩৭)। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটের কেমিক্যাল কারখানায় আগুন নেভাতে গিয়ে তিনি দগ্ধ হন। তার শরীরের ৪২ শতাংশ পুড়ে যায়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের আরও চারজন সদস্য আহত হন। এর আগে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান ফায়ারফাইটার শামীম আহমেদ (২৩ সেপ্টেম্বর) ও নুরুল হুদা (২৪ সেপ্টেম্বর)। সর্বশেষ শহীদ হলেন জান্নাতুল নাঈম।

১৯৮৮ সালের ২৪ আগস্ট শেরপুর জেলার নকলা উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের খন্দকার বাড়িতে জন্মগ্রহণ করেন নাঈম। তিনি মোল্লার টেক উদয়ন বিদ্যালয় থেকে এসএসসি, ফুলপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

২০১৬ সালের ২৪ আগস্ট বাংলাদেশ ফায়ার সার্ভিসে যোগ দেন তিনি। কর্মজীবনে স্টেশন অফিসার হিসেবে মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনে দায়িত্ব পালন করেন। পরে পদোন্নতি পেয়ে ওয়্যারহাউজ ইন্সপেক্টর হন এবং সর্বশেষ টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ছিলেন এবং এক সন্তানের জনক। তার পিতা খন্দকার মোজাম্মেল হক ও মাতা দেলোয়ারা বেগম।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৫১ জন সদস্য জীবন উৎসর্গ করেছেন। বীর শহীদদের সেই তালিকায় সর্বশেষ যোগ হলো খন্দকার জান্নাতুল নাঈমের নাম।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা