গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিন বাজার ঊর্ধ্বমুখী থাকলেও সপ্তাহ শেষে সব মূল্যসূচকই নিম্নমুখী হয়েছে। অধিকাংশ সিকিউরিটিজের দর কমার পাশাপাশি দৈনিক গড় লেনদেনও প্রায় ১৭ শতাংশ হ্রাস পেয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহ শেষে ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৫ পয়েন্টে। বাছাই করা ৩০ কোম্পানির সূচক ডিএস-৩০ ৪ পয়েন্ট কমে দাঁড়ায় ২ হাজার ১০৩ পয়েন্টে, আর শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৭ পয়েন্ট কমে দাঁড়ায় ১ হাজার ১৭১ পয়েন্টে।
গত সপ্তাহে এক্সচেঞ্জটিতে মোট ৩৯৫টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত ছিল ৩৭টির। সপ্তাহজুড়ে ডিএসইর দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছে ৫৮৩ কোটি ৭৭ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১১৭ কোটি ৩ লাখ টাকা কম। সপ্তাহ শেষে ডিএসইর সার্বিক লেনদেনও কমে দাঁড়ায় ২ হাজার ৯১৮ কোটি ৮৩ লাখ টাকায়, যা আগের সপ্তাহে ছিল ৩ হাজার ৫০৫ কোটি ৩৩ লাখ টাকা।
খাতভিত্তিক লেনদেনে সবচেয়ে বেশি অবদান ছিল বস্ত্র খাতের (প্রতিদিন গড়ে ৯০ কোটি ২৪ লাখ টাকা)। এরপর ছিল ওষুধ ও রসায়ন খাত (৮৩ কোটি ৮০ লাখ টাকা) এবং ব্যাংক খাত (৬২ কোটি ৩৭ লাখ টাকা)। প্রকৌশল ও বিবিধ খাত থেকেও উল্লেখযোগ্য লেনদেন হয়েছে।
সূচক ও লেনদেনের পাশাপাশি ডিএসইর বাজার মূলধনও কমেছে। সপ্তাহ শেষে সব সিকিউরিটিজের মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ২৩ হাজার ৪৪৯ কোটি টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১ হাজার ১৮ কোটি টাকা কম।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই সময়ে সব সূচক নিম্নমুখী হলেও লেনদেন কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১ দশমিক ৬২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৯ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১ দশমিক ৫০ শতাংশ কমে ৯ হাজার ২৭৮ পয়েন্টে। এ ছাড়া সিএসআই, সিএসই-৩০ এবং সিএসই-৫০ সূচকও পতনের মুখে।
সপ্তাহ শেষে সিএসইতে মোট লেনদেন হয়েছে ৮০ কোটি ৩ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ১৩ কোটি টাকা বেশি। এ সময়ের মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ২১৫টির এবং অপরিবর্তিত ছিল ২৪টির।