প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির কমিটিতে উপদেষ্টা সদস্য খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৫

ফেনীর ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে উপদেষ্টা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ ইউনিয়নেই তাঁর পৈত্রিক বাড়ি অবস্থিত। ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসন থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

 

বৃহস্পতিবার রাতে ফুলগাজী উপজেলা বিএনপির আওতাধীন ছয়টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। প্রতিটি ইউনিয়নে ১০ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ৭১ সদস্যের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এর মধ্যে ফুলগাজী সদর ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটির প্রথম সদস্য হিসেবে রাখা হয়েছে খালেদা জিয়াকে।

 

ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন ও সদস্যসচিব আবুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে ফুলগাজী সদর ইউনিয়নের সভাপতি হয়েছেন মনির আহম্মদ এবং সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মাহমুদ মজুমদার।

 

এ ছাড়া মুন্সিরহাট, দরবারপুর, আনন্দপুর, আমজাদহাট ও জি এম হাট ইউনিয়নেও নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়েছে।

 

ফুলগাজী উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল হোসেন বলেন, “তৃণমূল বিএনপির কার্যক্রম আরও সংগঠিত ও গতিশীল করতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।”

 

আহ্বায়ক ফখরুল আলম স্বপন জানান, “পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে তৃণমূল বিএনপির কার্যক্রম আরও শক্তিশালী হবে। খালেদা জিয়ার পৈত্রিক এলাকা হওয়ায় এখানে নেতাকর্মীদের মধ্যে বিশেষ উদ্দীপনা কাজ করছে। আসন্ন জাতীয় নির্বাচনে তিনিই এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা