আজ বিশ্ব পর্যটন দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO) ঘোষিত এ বছরের প্রতিপাদ্য— ‘টেকসই উন্নয়নে পর্যটন’।
পর্যটন শিল্প শুধু অর্থনীতিই নয়, বরং সংস্কৃতি, সমাজ ও পরিবেশের মধ্যেও সৌহার্দ্য সৃষ্টি করে। এ শিল্প মানুষের মধ্যে বোঝাপড়া ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলার পাশাপাশি সহিংসতা ও অসহিষ্ণুতা দূর করতে অবদান রাখে।
দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, “বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় পর্যটন গন্তব্যগুলোর একটি। এ খাতের উন্নয়নে তরুণ প্রজন্মকে আরও সক্রিয় হতে হবে।” তিনি আরও উল্লেখ করেন, “পর্যটন বিশ্বজুড়ে টেকসই উন্নয়নের প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে। বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতিতেও এ শিল্পের প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান রয়েছে।”
প্রধান উপদেষ্টা জানান, পর্যটন বিকাশের ফলে একদিকে পর্যটন অঞ্চলগুলোর উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে, অন্যদিকে স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশ সংরক্ষণেও সচেতনতা বাড়ছে।
১৯৮০ সাল থেকে জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ঘোষিত এ দিবসটি সব সদস্য দেশে উদযাপিত হয়ে আসছে।
এদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, ট্যুরিস্ট পুলিশসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা দিবসটি ঘিরে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, দেশে বিদেশি পর্যটক আগমনের সংখ্যা ২০১৭ সালে ছিল ৫ লাখ ৬৫ জন, ২০১৮ সালে ৫ লাখ ৫২ হাজার ৭৩০ জন এবং ২০১৯ সালে সর্বোচ্চ ৬ লাখ ২১ হাজার ১৩১ জন। করোনার সময় ২০২০ সালে তা নেমে আসে ১ লাখ ৮১ হাজার ৫১৮ জনে, ২০২১ সালে ১ লাখ ৩৫ হাজার ১৮৬ জনে এবং ২০২২ সালে ২ লাখ ১৪ হাজারে। তবে ২০২৩ সালের হিসাব এখনো আসেনি।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০২২ সালের ‘ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচক’ অনুযায়ী, বিশ্বের ১১৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৯তম— যা দক্ষিণ এশিয়ায় সবচেয়ে নিচে।