শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সবচেয়ে বেশি ছুটি থাকবে সরকারি–বেসরকারি কলেজ ও টিচার্স ট্রেনিং (টিটি) কলেজগুলোতে; সাপ্তাহিক ছুটি মিলিয়ে কলেজে মোট ছুটি হবে ১৪ দিন। প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি থাকবে ৯ দিন।
শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলোতে এ ছুটি কার্যকর থাকবে। এর মধ্যে ২৬ ও ২৭ সেপ্টেম্বরের শুক্র ও শনিবারের ছুটি মিলিয়ে শিক্ষার্থীরা অতিরিক্ত ছুটি উপভোগ করবে। এছাড়া ৬ অক্টোবর শ্রীশ্রী লক্ষ্মীপূজায় শিক্ষকেরা ঐচ্ছিক ছুটি পাবেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলো এই সময়ে মোট ১২ দিন বন্ধ থাকবে। এ ছুটির আওতায় দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রীশ্রী লক্ষ্মীপূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে।
শিক্ষা মন্ত্রণালয় ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছে। শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমাসহ একাধিক ধর্মীয় অনুষ্ঠানের কারণে এ নির্দেশনা দেওয়া হয়।
এদিকে সরকারি চাকরিজীবীরা ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা চার দিনের ছুটি পাবেন। ১ অক্টোবর (মহানবমী) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে, ২ অক্টোবর বিজয়া দশমীতে সরকারি ছুটি, আর ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় মোট চার দিনের ছুটি উপভোগ করবেন সরকারি কর্মচারীরা।
উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর (রোববার) শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার সূচনা হলেও সেদিন সরকারি ছুটি থাকবে না। তবে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।