গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়ে মাত্র একটি ভোট পেয়ে আলোচনায় এসেছেন মো. নির্জন। গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে নির্বাচন কমিশনার মো. রফিকুল আলম ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা ৯ জন প্রার্থীর মধ্যে নির্জন মাত্র একটি ভোট পান। এবারের গকসু নির্বাচনে মোট ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৭ জন প্রার্থী এবং ভোটার সংখ্যা ছিল ৪ হাজার ৭৬১ জন।
মো. নির্জন গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখার সভাপতি। গত ১১ জুন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ঘোষণায় তিনি গণ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হন।
নির্বাচনের আগে বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে নির্জন জানান, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে তিনি গকসু নির্বাচন থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন এবং নির্বাচন কমিশনের কাছেও প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন। তবে তার দাবি, ভুলবশত তার নাম ও ব্যালট নম্বর ব্যালট পেপারে থেকে যায়।
গকসু নির্বাচনের তফসিল অনুযায়ী ১১ সেপ্টেম্বর ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ, আর ১৪ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত তালিকায় তার নাম অন্তর্ভুক্ত থাকে।