প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কলেজে কুরআন বিতরণে ছাত্রদলের বাধা: ইসলামী ছাত্রীসংস্থার নিন্দা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫

ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মিঞা জিন্নাহ আলম ডিগ্রী কলেজে সিরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত পবিত্র কুরআন বিতরণ কর্মসূচিতে বাধা দিয়েছে ছাত্রদল। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ইসলামী ছাত্রীসংস্থার প্রচার বিভাগীয় সম্পাদিকা রিনতাহা তারান্নুম এক বিবৃতিতে বলেন, “পবিত্র কুরআন বিতরণের মতো শান্তিপূর্ণ কার্যক্রমে ছাত্রদলের এ ধরনের আচরণ শিক্ষার্থীদের জন্য উদ্বেগের বিষয়। এটি কলেজে ছাত্রী ও শিক্ষকদের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলে।”

বিবৃতিতে আরও বলা হয়, কুরআন বিতরণী অনুষ্ঠান শুরু হওয়ার পর ছাত্রদল কর্মীরা উপস্থিত হয়ে ‘জিয়ার সৈনিক এক হও লড়াই করো, ধর ধর শিবির ধর, ধরে ধরে জবাই কর’ ধরনের আক্রমণাত্মক স্লোগান চালায় এবং শিক্ষকদের সঙ্গে উগ্র আচরণ করে।

ইসলামী ছাত্রীসংস্থা জানায়, মহাগ্রন্থ আল-কুরআন কোনো রাজনৈতিক গ্রন্থ নয়, এটি মানবজাতির জন্য আল্লাহর দিকনির্দেশনা। কুরআন বিতরণে বাধা দেওয়া মানে মৌলিক ধর্মীয় অধিকার ও ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ। এর সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা