স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থামিয়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন তাজউদ্দীন আহমদের কন্যা ও সোহেল তাজের বোন মাহজাবিন আহমদ মিমি। তিনি জানান, সোহেল তাজের বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে। কবে ঘটেছে জানতে চাইলে তিনি বলেন, সম্ভবত বুধবার ঘটনাটি ঘটে। তবে কেন তাকে আটকানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাতে চাননি।
অন্যদিকে বিমানবন্দরের এসএস (ইমিগ্রেশন) কর্তৃপক্ষ জানায়, ‘ভ্রমণরোধ’ থাকায় সোহেল তাজ দেশ ত্যাগ করতে পারেননি।
২০০১ সালে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৮ সালে পুনরায় একই আসনে জয়ী হয়ে ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেন। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে ২০০৯ সালের ৩১ মে পদত্যাগ করেন।
২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি। প্রক্রিয়াগত কারণে পদত্যাগ গ্রহণ না করলে ৭ জুলাই পুনরায় পদত্যাগপত্র দিলে তা গ্রহণ করা হয়। পরে তিনি অভিযোগ করেন, তার পথে নানা বাধা সৃষ্টি করা হচ্ছিল এবং নির্দেশনা অমান্য করা হচ্ছিল। এসব কারণেই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। এরপর থেকে তিনি আর সক্রিয় রাজনীতিতে ফিরেননি।