প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পিআর বুঝতে না পারলে জামায়াত বিনা পয়সায় শেখাতে প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, অনেকেই দাবি করেন যে তারা ‘পিআর’ বা আনুপাতিক প্রতিনিধিত্ব (Proportional Representation) পদ্ধতি বোঝেন না। তিনি বলেন, “যারা বোঝেন না, তাদের আমরা বিনা খরচে পিআর শেখাতে রাজি আছি।”

 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহর জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মিছিলটি শহরের দক্ষিণ তেমুহনী থেকে শুরু হয়ে উত্তর তেমুহনীতে গিয়ে শেষ হয়।

 

ড. রেজাউল করিম বলেন, “কালো টাকা, চাঁদাবাজি, ফ্যাসিবাদ ও পেশিশক্তি মুক্ত নির্বাচন নিশ্চিত করতে হলে জনগণের ভোটাধিকার সুরক্ষিত করতে হবে। দেশে ৭১ শতাংশ মানুষ পিআর ব্যবস্থার পক্ষে মত দিয়েছে। জনগণের কল্যাণে এই দাবি মেনে নেওয়া সময়ের দাবি।”

 

তিনি আরও বলেন, “অনেকে বলেন জামায়াতে ইসলামী নাকি নির্বাচন পিছিয়ে দিতে চায়। অথচ এখনো তারা প্রার্থী ঠিক করতে পারেননি। জামায়াত ইতোমধ্যে ৩০০ আসনে প্রার্থী দিয়ে মাঠে কাজ করছে, মানুষের কাছে যাচ্ছে। সংস্কার, বিচার ও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা গেলে ফেব্রুয়ারিতেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব।”

 

এ সময় লক্ষ্মীপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, শহর আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান এবং সেক্রেটারি হারুনুর রশিদসহ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা