শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি দুর্গাপূজার সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শারদীয় দুর্গাপূজার মূল পর্ব শুরু হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তার ব্যক্তিগত পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।
তিনি বলেন, বাংলাদেশ বহুদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল হিসেবে বিশ্বের প্রশংসা অর্জন করেছে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে স্বাধীনভাবে উৎসব পালন করছে। আন্তর্জাতিক অঙ্গনেও এই সম্প্রীতি উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন, শারদীয় দুর্গোৎসব দেশের সহনশীলতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে। তিনি হিন্দু সম্প্রদায়সহ সকল জাতিগোষ্ঠীর শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করেন।
উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শান্তিপ্রিয় দেশবাসীকে সার্বিক সহযোগিতা প্রদানের অনুরোধ করেন।