জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদ নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর উদ্ধার হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পূর্বাচলের ১ নম্বর সেক্টরের একটি জামে মসজিদ থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে তুরাগ থানা পুলিশ।
তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সাদিক রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মসজিদ থেকে তাকে উদ্ধার করি এবং চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করি। ইতোমধ্যে তার পরিবারের সদস্যদের অবহিত করা হয়েছে।
এর আগে, শুক্রবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মাওলানা মামুনুর রশীদের সন্ধান দাবিতে মানববন্ধন করেন তার পরিবার। সেখানে বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে মামুনকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।
মামুনের স্ত্রী খাদিজা বলেন, “পাঁচ দিন ধরে আমার স্বামী নিখোঁজ। সন্তানদের বাবাকে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করছি। স্বামী ছাড়া আমরা অসহায় হয়ে পড়েছি। আমাদের মাদরাসা বন্ধ হওয়ার উপক্রম। সন্তানেরা বাবাকে খুঁজছে, কিন্তু আমি কীভাবে বুঝাবো?”