নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশ স্থায়ী মিশনের উদ্যোগে আয়োজিত এক উচ্চপর্যায়ের নৈশভোজে শ্রম আইন, শ্রমিক অধিকার ও চলমান সংস্কার নিয়ে কূটনীতিক, জাতিসংঘ কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের মধ্যে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “বাংলাদেশে বৃহৎ পরিসরে বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে শ্রম সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ।” ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনায় আইএলও মহাপরিচালক ও জাতিসংঘের অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ ও আন্তর্জাতিক অবস্থানে শ্রম সংস্কারের প্রভাব নিয়ে মতবিনিময় করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক শিল্পকে দেশের অর্থনীতির ভিত্তিপ্রস্তর হিসেবে উল্লেখ করে বলেন, “যে কোনো ভবিষ্যৎ সরকারকে এর প্রবৃদ্ধি ও টেকসইতাকে অগ্রাধিকার দিতে হবে।” জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের পোশাক খাতে দলের অভিজ্ঞতা তুলে ধরে অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডার প্রতি সমর্থন জানান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির শ্রম উদ্যোগগুলোকে আরও সম্প্রসারণের পরামর্শ দেন। এনসিপির নেত্রী ড. তাসনিম জারা রানা প্লাজা দুর্ঘটনার সময় মেডিকেল শিক্ষার্থী হিসেবে আহতদের সেবার অভিজ্ঞতা তুলে ধরে শ্রমিক নিরাপত্তা ইস্যুর মানবিক দিকটি স্মরণ করান।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস শেষ পর্যন্ত অর্থবহ ও টেকসই শ্রম সংস্কার বাস্তবায়নের দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।