প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের ক্লাবে তাসকিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন। এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহানকে আউট করেই তিনি এই অনন্য কৃতিত্ব অর্জন করেন। সব দেশ মিলিয়ে তাসকিন এই রেকর্ডে নাম লেখানো ২৬তম বোলার।

বাংলাদেশের হয়ে এর আগে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শত উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। চলতি আসরেই মুস্তাফিজ সাকিবকে ছাড়িয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ টি-টোয়েন্টি উইকেটশিকারী হন। এবার সেই তালিকায় নতুন সংযোজন তাসকিন।

পাকিস্তানের ইনিংসে শুরু থেকেই আক্রমণে আসেন তাসকিন। ইনিংসের চতুর্থ বলেই ফারহানকে রিশাদের ক্যাচে ফেরান তিনি। এরপর দ্বিতীয় ওভারেও তিনি উইকেটের সুযোগ তৈরি করেছিলেন, তবে ফখর জামান ইনসাইড এজে রক্ষা পান।

২০১৪ সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল তাসকিনের। সেদিন ৪ ওভারে ২৪ রানে ১ উইকেট নিয়েছিলেন এই পেসার। ধীরে ধীরে হয়ে ওঠেন বাংলাদেশ বোলিং আক্রমণের অন্যতম ভরসা। আজকের ম্যাচের আগে ৮১ ম্যাচের ৭৯ ইনিংসে তার সংগ্রহ ছিল ৯৯ উইকেট। অবশেষে শতকের মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা