প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দুর্গাপূজা নির্বিঘ্নে পালনে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: আইজিপি বাহারুল আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, হিন্দু ধর্মাবলম্বীরা এ বছর নির্বিঘ্নে দুর্গাপূজা পালন করতে পারবেন। উৎসবকে ঘিরে সারাদেশে পুলিশের সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পুরান ঢাকার বাংলাবাজার এলাকার একটি পূজামণ্ডপ ঘুরে দেখে সাংবাদিকদের তিনি বলেন, দুর্গাপূজা এখন একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। মানুষ যাতে ভয়-ভীতি ছাড়া আনন্দের সঙ্গে পূজা করতে পারে, সে জন্য সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের দায়িত্ব সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা।

আইজিপি জানান, পূজার প্রস্তুতির সময় কিছু এলাকায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছিল। তবে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। কোনো ধরনের ঘটনা ঘটলেই তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সম্ভাব্য নাশকতা প্রসঙ্গে বাহারুল আলম বলেন, রাজধানীসহ সারাদেশের পূজা কমিটির সঙ্গে মতবিনিময় করা হয়েছে। ইন্টেলিজেন্স ইউনিটের মাধ্যমে আগাম তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, “পুলিশ চেষ্টা করছে মানবিক হতে, যাতে আমাদের দ্বারা কোনো অন্যায় না ঘটে। একই সঙ্গে সমাজে মতপার্থক্য কমাতেও কাজ করছে।”

পুরান ঢাকার পূজার পরিবেশের কথা উল্লেখ করে আইজিপি জানান, স্থানীয় পূজা কমিটির শক্তিশালী পঞ্চায়েত ব্যবস্থা ও পারস্পরিক সহযোগিতা উৎসবকে সবার মাঝে আনন্দ ভাগাভাগি করার সুযোগ তৈরি করেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা