কিডনি মানবদেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, যা রক্ত থেকে বর্জ্য পদার্থ ছেঁকে বের করে দেয়। তবে অনেক সময় কিডনির রোগ নীরবে বেড়ে ওঠে এবং সহজে ধরা পড়ে না। এজন্য একে ‘নীরব ঘাতক’ বলা হয়। চিকিৎসকদের মতে, কিছু সাধারণ উপসর্গ আছে যেগুলো দেখা দিলে অবহেলা করা বিপজ্জনক হতে পারে।
প্রস্রাবের পরিমাণ হঠাৎ কমে যাওয়া অথবা রাতে ঘন ঘন প্রস্রাব হওয়ার মতো পরিবর্তন কিডনির অসুস্থতার ইঙ্গিত দেয়। শরীর থেকে অতিরিক্ত তরল বের না হলে পা, গোড়ালি ও চোখ-মুখে ফোলাভাব দেখা দেয়। কিডনি দুর্বল হয়ে গেলে শরীরে বিষাক্ত পদার্থ জমে যায়, ফলে অস্বাভাবিক ক্লান্তি ও দুর্বলতা অনুভূত হয়। অনেক সময় টক্সিন জমে বমি বমি ভাব বা বমির সমস্যা দেখা দেয়। এছাড়া ত্বকে চুলকানি বা ফুসকুড়ি দেখা দিলেও কিডনি সমস্যার আশঙ্কা থাকে।
বিশেষজ্ঞরা বলছেন, এসব উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পর্যাপ্ত পানি পান এবং স্বাস্থ্যকর জীবনযাপন কিডনিকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বজলুর রহমান